ডাক
আমন্ত্রণপত্র পেয়ে যারা আসতে চেয়েছিলো
তাদের চেয়ে বরং যারা পত্র পায়নি
অথবা যারা নিজেদের কাজ ফেলে আসতে চায়নি
সমাবেশে আজ তারাই সংখ্যায় বেশি ।
তারা কার হাতে দায়ভার দিয়ে এলো !
তা’ জানতে চাওয়ার আগেই এখানে
আমন্ত্রণ-পত্র ছাপানোর খরচার বাড়াবাড়ি বোকামোর
কারণ দর্শানোর দাবি যদি উচ্চারিত হয় ! ... ...
তাই তো এখন জবাবদিহিতার প্রস্তুতিপর্ব ।
তোমার ডাক শুনে ওরা এসেছে ভেবো না ।
যারা আসে তারা নিজেদের ডাক শুনেই আসে ।
এমনও অনেকে আছে যাদেরকে তুমি দেখবে আশেপাশে,
কারো ডাক না-শুনেই যারা আসে, --তা’ তুমি জানো না ।
তোমার ডাক শুধু তুমিই শোনো,
তবুও তুমি যেন ডেকে যেতে লজ্জা পেয়ো না ।
কেউ তোমার ডাক শুনছে দেখলে তাকে আর ডেকো না ।
এখানে ধৈর্য ধ’রে চেষ্টার পরীক্ষায়
কার ডাকে কে এলো তা’ দেখা হবে না
বরং তোমার ডাকে যারা আসবে না
তাদেরকেই তুমি ডাকবে বার বার ;
দায়িত্ব-কর্তব্যের ফাঁকে ফাঁকে এ ছাড়া তোমার
তেমন কোনো বিশেষ কাজ, -এখানে নেই হে রানা।
রঙ্গপুর -- ০৫/০৯/২০০৪
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন